
এমপিওভুক্ত শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে অনশনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় বৃষ্টির মধ্যেই তারা অমরণ অনশন শুরু করেন।
এর আগে, শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
শতকরা হারে বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন শিক্ষকরা।
গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন।
এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরো বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
গতকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের প্রতিনিধিদলের বৈঠক হয়। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আজ থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।