
ঝালকাঠি প্রতিনিধি:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৮৬তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ গণশুনানিতে ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ করেন। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি করা হয়। এর মধ্যে কিছু অভিযোগের বিষয়ে দুদক সরাসরি অনুসন্ধান করবে এবং কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। সকাল ১০টায় শুরু হওয়া এ গণশুনানি চলে বিকাল ৪টা পর্যন্ত।
গণশুনানির আয়োজন করে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার ও ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
দুদক জানায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে এ ধরনের গণশুনানি আয়োজন করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তৃতায় কমিশনার সরকারি কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন, নিজের বিবেক কারো কাছে লিজ দিবেন না। নিজ দায়িত্বে নিজ নিজ দপ্তর দুর্নীতিমুক্ত রাখুন। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। দুর্নীতি নির্মূলের উদ্যোগ নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। ব্যক্তিগত লোভ-লালসা পরিহার করতে হবে, অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শুদ্ধাচার এবং ভালোকে ভালো, মন্দ বলতে শিক্ষা দিন। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সেবা প্রাপ্তি গণশুনানির মুল লক্ষ্য।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব শুধু দুদকের একার নয়, বরং আমাদের সবার। যার যেটি দায়িত্ব, তিনি সেটি সততার সঙ্গে পালন করলেই দুর্নীতি কমবে।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন,ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায় এবং দুদকের বিভাগীয় কার্যালয় বরিশালের পরিচালক মো. মোজাহার আলী সরদার বক্তৃতা করেন।
গণশুনানিতে ২৯টি সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তরের বিরুদ্ধে ৯৫টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ০৪টি অভিযোগের বিষয়ে দুদকে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। ০৪ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং ০১ জন কর্মকর্তাকে বদলীর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়। বাকী অভিযোগগুলোর তাৎক্ষণিক সমাধান দেয়া হয়।