ঝালকাঠি প্রতিনিধি:দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঝালকাঠির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সরকারি কর্মকর্তা কিংবা দলের কোনো নেতাকর্মী দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন এবং সন্ধ্যার পর শিক্ষার্থীদের অহেতুক আড্ডা নিয়ন্ত্রণে প্রশাসনকে মাঠে নামার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, বিগত সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। তবে বর্তমান সরকারের সময়ে দুর্নীতির কথা কেউ যেন চিন্তাও না করেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা হোক, দলীয় কোনো নেতাকর্মী হোক, দুর্নীতির সঙ্গে যুক্ত হলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা প্রধানমন্ত্রীর ঘোষণা। গত সাত মাসে দুর্নীতিকে কোনো রকম প্রশ্রয় দেওয়া বর্তমান সরকার।
মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় অহেতুক আড্ডা নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে প্রশাসনের কর্মকর্তাদের রাস্তায় নেমে তাদের বোঝানোর নির্দেশনা দেন তিনি।
(সট: আহম্মদ সোহেল মনজুর, প্রতিমন্ত্রী, গ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয়।)
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এছাড়া জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মেরিন সুলতানা, পৌর প্রশাসক জুলিয়া সুকায়নাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।