1. admin@sangbadsomoy.com : Rejaul :
  2. info.jubayer2000@gmail.com : নিউজ ডেক্স : নিউজ ডেক্স
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান থানাধীন নদ্দা ও কালাচাঁদপুর এলাকায় চাঁদাবাজি, ফুটপাত ও সড়ক দখল এবং ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে গুলশান থানা বিএনপির দুই যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন আসাদুজ্জামান আসাদ ও রাশেদ বিন সোলায়মান শাহজাদা।

এ ঘটনায় বিএনপির মহাসচিব এবং দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত আবেদন জানিয়েছেন বলে দাবি করেছেন এলাকার সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা।

আবেদনে উল্লেখ করা হয়, ওই দুই নেতার প্রত্যক্ষ মদদ, প্রশ্রয় ও নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে নদ্দা ও কালাচাঁদপুর এলাকায় ফুটপাত ও রাস্তাঘাট দখল, দোকানপাট এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষ, পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোগান্তি ও ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগকারীরা দাবি করেন।

আবেদনে আরও বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজিমুক্ত, বৈষম্যহীন ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তার সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ সাংঘর্ষিক। দলের গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ দলীয় ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে বলে মনে করছেন এলাকাবাসী।

এ অবস্থায় অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে কেন্দ্রীয়ভাবে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং সরেজমিনে তদন্তের দাবি জানানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে উপযুক্ত সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আবেদনকারীরা।

এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দলের ভাবমূর্তি রক্ষায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ সংবাদ সময়
Theme Customized By সংবাদ সময়